দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। তেজাবি সোনা ও রুপার মূল্যহ্রাসের কারণে ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে সোনার দাম। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দরও। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা (আগে ছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা)। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকায় বিক্রি হবে।
সোনার পাশাপাশি রুপার দামও ভরিতে সর্বোচ্চ ১১৬ টাকা পর্যন্ত কমেছে। ভ্যাটসহ নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস সূত্রে জানা গেছে, মূলত বিশ্ববাজারে সোনার দরপতনের প্রভাব পড়েছে দেশীয় বাজারে। গত এক মাসে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম প্রায় ১৪৫ ডলার কমেছে। বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেও মার্কিন ডলার-ভিত্তিক বন্ডের সুদের হার বাড়ায় বিনিয়োগকারীরা বন্ডের দিকে ঝুঁকছেন, যা আন্তর্জাতিক বাজারে সোনার দরপতনের মূল কারণ। এর আগে গত ৯ অক্টোবর দেশে সোনার দাম বাড়ানো হলেও মাত্র পাঁচ দিনের মাথায় তা আবার কমানো হলো।


