আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্যবৃদ্ধির প্রভাবে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে এই নতুন মূল্য কার্যকর হয়েছে। এর আগে গত সোমবার (২ নভেম্বর) স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ায় সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে এবং অলঙ্কার বিক্রির সময় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের নকশা ও ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরি নির্ধারিত হবে।
চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৩২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৪ দফায় দাম বাড়ানো হয়েছে, ৬৭ দফায় কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। তুলনায় গত ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ দফায় দাম বাড়ানো এবং ২৯ দফায় কমানো হয়েছিল।


