অভিনয়জীবনের শুরুতে প্রথম পারিশ্রমিকের অঙ্কটা খুব বড় না হলেও তা অনেক তারকার কাছেই এক বিশেষ স্মৃতি। সময়ের সঙ্গে পরিচিতি ও কাজের পরিধি বাড়লেও সেই শুরুর দিনগুলো ভোলেননি জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের কাছ থেকে পাওয়া প্রথম সেই পারিশ্রমিকের স্মৃতি আজও সযত্নে ধরে রেখেছেন তিনি।
ছোট পর্দা দিয়ে অভিনয়জীবন শুরু করা মিমের শোবিজে পথচলা সহজ ছিল না। ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার আগে প্রায় দুই বছর মিডিয়ায় কাজের চেষ্টা করেছিলেন তিনি। শুরুর দিকে অভিনয়ের প্রস্তাব পেলেও প্রধান বা নায়িকা চরিত্রে অভিনয়ের তাগিদে তিনি অনেক কাজ ফিরিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘রহস্য’ নাটকে অভিনয় তাঁর ক্যারিয়ারে বিশেষ মোড় আনে। সেই নাটকের জন্য তিনি সম্মানী হিসেবে পেয়েছিলেন ৫ হাজার টাকা।
মিম জানিয়েছেন, হুমায়ূন আহমেদের হাত থেকে পাওয়া প্রথম সেই ৫ হাজার টাকা তিনি মায়ের হাতে তুলে দিয়েছিলেন, যা আজও তাঁর কাছে অত্যন্ত বিশেষ ও স্মৃতির এক অমূল্য অংশ। এরপর ২০০৮ সালে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। শুরুতে নতুন হলেও প্রবীণ সহশিল্পীদের সঙ্গে কাজ করা এবং গুণী এই নির্মাতার সহযোগিতায় নিজের ভেতরের জড়তা কাটিয়ে উঠেছিলেন এই চিত্রনায়িকা।


