বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩, ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

পুরান ঢাকার চকবাজারের মুনসুর খান প্লাজায় লাগা ভয়াবহ আগুন ২৪ ঘণ্টা পেরোলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। ভবনটি থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে এবং নিরাপত্তার স্বার্থে আশপাশের মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেল ৫টা ৪ মিনিটে ভবনটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। দীর্ঘ চেষ্টা চালিয়ে আজ মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বর্তমানে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে এবং ডাম্পিংয়ের কাজ করতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এর আগে আগুন নিয়ন্ত্রণে মোট ১০টি ইউনিট কাজ করেছিল। সরু গলি ও পানির স্বল্পতার কারণে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৭ তলা বিশিষ্ট এই ভবনটির নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত ব্যাগ, কসমেটিকস, ছাতা, আতর ও চার্জারের দোকান রয়েছে এবং প্রতি তলায় প্রায় ৪০ থেকে ৫০টি দোকান আছে। গতকাল বিকেলে ভবনটির ষষ্ঠ তলায় প্রথম আগুন লাগে। আগুনে ষষ্ঠ ও সপ্তম তলার প্রায় সব গুদামের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি পঞ্চম তলায়ও আগুন ছড়িয়ে পড়ে। তবে ভবনের ভেতরে পুরোপুরি প্রবেশ করা সম্ভব না হওয়ায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার কারণে মিটফোর্ড হাসপাতালমুখী সড়কটি বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর ফলে মুনসুর খান প্লাজার আশপাশের ১০ থেকে ১৫টি ভবনের ব্যবসায়িক কার্যক্রমও স্থগিত রয়েছে। ওয়াসার পানিবাহী গাড়ি দিয়ে পানি সরবরাহ করে আগুন পুরোপুরি নির্বাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনের সামনে উৎসুক জনতার ভিড় সামাল দিতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version