ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদন নিয়ে মুখ খুলেছে সরকার। সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে, আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন বলে তিনিও শুনেছেন, তবে এর সত্যতা এখনো যাচাই করা যায়নি। আবেদনটি সঠিকভাবে করা হয়েছে কি না এবং আবেদনের অধিকার আছে কি না, তা আইনকানুন খতিয়ে দেখে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারকে চিঠি দিয়েছে, যাতে শেখ হাসিনাকে আইন অনুযায়ী ফেরত পাঠানো হয়।
একই দিন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না, বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়। তাঁর ভাষ্য, নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার নাটক করার কোনো সুযোগ নেই; ফিরতে চাইলে ভারত সরকারকে বলে চুক্তির আওতায় নিজেকে হস্তান্তরের ব্যবস্থা করতে হবে, তারপর আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করতে হবে।
জানা গেছে, যুক্তরাজ্যের আইনি পরামর্শক সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ই-মেইলে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন পাঠিয়েছে। হাইকমিশন সেই ই-মেইল ঢাকায় পাঠিয়েছে বলেও জানা গেছে।

