ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে গিয়ে নিজেই সাঁজোয়া যান চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; মঙ্গলবার (২৪ নভেম্বর) পাশের সিটে বসে ছিলেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান।
সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে ঢাকা থেকে রওনা হয়ে বেলা সাড়ে ১১টার দিকে স্বর্ণদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন তিনি সরাসরি প্রত্যক্ষ করেন। তিন বাহিনীর বিশেষ বাহিনীর সমন্বয়ে এই মহড়ার আয়োজন করা হয়েছে।
মহড়া দেখার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম তিনি পর্যবেক্ষণ করেন। মহড়ায় অংশ নিচ্ছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম চালিয়ে আসছে সেনাবাহিনী। গত এক যুগের বেশি সময়ে সেখানে বিভিন্ন সমর মহড়া ও নৌ-বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলন হলেও এবারই প্রথম তিন বাহিনীর তিনটি বিশেষ ইউনিট একসঙ্গে এমন মহড়ায় নেমেছে। মহড়া পরিদর্শন শেষে বিকালে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

