ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
পাঁচ বছরের দীর্ঘ বিরতির পর আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফিরছে দেশের ঘরোয়া ফুটবল। সংস্কারকাজের কারণে এত দিন এই মাঠে কোনো ঘরোয়া ম্যাচ হয়নি।
সংস্কার শেষে জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ফিরেছে, সাম্প্রতিক সাফ চ্যাম্পিয়নশিপও হয়েছে এখানে। কিন্তু ঘরোয়া ফুটবলের জন্য ঐতিহ্যবাহী এই ভেন্যুকে অপেক্ষা করতে হয়েছে অনেক দিন। সাফ শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ পরও গ্যালারি ও ডাগআউটে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নাম শোভা পাচ্ছিল, তাই ম্যাচের আগের দিন বিকেলেও মাঠে গিয়ে বোঝার উপায় ছিল না যে ঘরোয়া ফুটবল ফিরতে যাচ্ছে।
ফেরার আনন্দটা স্বাভাবিকভাবেই বেশি খেলোয়াড়দের মধ্যে। রহমতগঞ্জের ফরোয়ার্ড রফিকুল ইসলাম বলেছেন, নিয়মিত এই মাঠে ঘরোয়া ফুটবল হলে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের জন্যও ভালো হবে। ফর্টিসের ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিমের মতে, আন্তর্জাতিক মানের মাঠে খেললে চোটের ঝুঁকিও কম থাকে।
ক্লাব ফুটবল থেকে আন্তর্জাতিক ফুটবল—একসময় সবকিছুরই ঠিকানা ছিল এই মাঠ। জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের এই ফেরা যেন দীর্ঘমেয়াদি হয়, সে পরিকল্পনা আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের।

