ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
দেশের বাজারে প্রথমবারের মতো এসেছে নারীদের নিজে নিজে ব্যবহার করার মতো জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে “মেডোজেন সাবকিউ” নামের এই ইনজেকশন বাজারজাতের ঘোষণা দিয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
প্রতিদিন বড়ি খাওয়া কিংবা প্রতিবার স্বাস্থ্যকর্মীর কাছে গিয়ে ইনজেকশন নেওয়ার প্রচলিত পদ্ধতির বাইরে এবার নারীরা চাইলে নিজেই ত্বকের নিচে এই ইনজেকশন প্রয়োগ করতে পারবেন। প্রতিটি ইনজেকশনে রয়েছে ১০৪ মিলিগ্রাম মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট। প্রতি তিন মাসে একবার, অর্থাৎ ১২ থেকে ১৪ সপ্তাহের মধ্যে এটি নিতে হয়, ফলে ঘনঘন স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার ঝামেলা কমে।
প্রতিষ্ঠানটির দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া এ ধরনের জন্মনিয়ন্ত্রণ ইনজেকশনের এটিই বিশ্বের প্রথম জেনেরিক সংস্করণ। ইউনিজেক্ট ডিভাইসে বাজারে আসা এটিই বাংলাদেশের প্রথম নিজে প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন। কোম্পানির তথ্য অনুযায়ী, প্রতি ডোজের দাম ৫৫০ টাকা, যা প্রতিদিন খাওয়ার জন্মনিয়ন্ত্রণ বড়ির তুলনায় ৫ দশমিক ৫২ গুণ কম খরচের।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটির মহাসচিব অধ্যাপক মারুফ সিদ্দিকী। তিনি বলেন, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বেছে নেওয়ার ক্ষেত্রে নারীর ব্যক্তিগত প্রয়োজন ও পছন্দকে গুরুত্ব দিতে হবে। নারীরা সাধারণত এমন পদ্ধতি চান, যা কার্যকর, গোপনীয়তা বজায় রাখে, সুবিধাজনক, প্রয়োজনে বন্ধ করা যায় এবং নিজেরাই প্রয়োগ করা যায়। কোনো জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি শুরুর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
