ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় দুর্ঘটনাটি ঘটে।
নিহত নারীর নাম রাবেয়া খাতুন। তাঁর বয়স ৩৭ বছর। তিনি ঢাকার খিলক্ষেতের জোয়ার সাহারা এলাকার বাসিন্দা।
মোবারকগঞ্জ রেলস্টেশন সূত্রে জানা গেছে, শনিবার সকাল আটটার দিকে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি মোবারকগঞ্জ স্টেশনে নির্ধারিত বিরতি শেষে আবার যাত্রা শুরু করে। এ সময় রাবেয়া খাতুন চলন্ত ট্রেনটিতে ওঠার চেষ্টা করেন।
ট্রেনে ওঠার সময় অসাবধানতাবশত তাঁর পা পিছলে যায়। এতে তিনি প্ল্যাটফর্ম থেকে নিচে রেললাইনে পড়ে যান এবং গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানেও আঘাত লাগে।
ঘটনার পরপরই বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাবেয়া খাতুনকে উদ্ধার করেন। পরে তাঁকে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়ার পরামর্শ দেন। এরপর তাঁকে যশোরে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই যশোর-ঝিনাইদহ সড়কসংলগ্ন সাতমাইল এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোবারকগঞ্জ রেলস্টেশনের প্ল্যাটফর্ম নিচু হওয়ায় ট্রেনে ওঠার সময় সমস্যায় পড়েন ওই নারী। একপর্যায়ে পা পিছলে তিনি নিচে পড়ে যান।
মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার নয়ন খন্দকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ওই নারীকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

