কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনের চাঞ্চল্যকর ও মর্মান্তিক তথ্য প্রকাশ পেয়েছে। শনিবার সকালে রান্নাঘরের গ্যাসের চুলায় চা বসিয়ে এক কর্মীর ঘুমিয়ে পড়ার পর বিকট বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ১০ জন পর্যটকের প্রাণহানি ঘটে। এ ঘটনায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অবস্থানরত যশোরের একই পরিবারের চারজনের সন্ধান মেলেনি।
প্রত্যক্ষদর্শী ও কর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, আগুন লাগার পর রিসোর্টের ১৯ জন কর্মী ও কয়েকজন অতিথি দ্রুত বেরিয়ে যেতে সক্ষম হলেও বাকিরা বিভিন্ন কক্ষে আটকা পড়েন। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার পর রিসোর্টের চার-পাঁচজন কর্মী অতিথিদের সতর্ক না করে উল্টো দ্বিতীয় তলায় থাকা মালিকের পোষা দুটি কুকুর ও চারটি বিড়াল নিয়ে নিরাপদে বাইরে চলে আসেন।
অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় রিসোর্টের মালিক তানভীর সুলতান মিয়াকে ১ নম্বর আসামি করে চারজনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করেছে পুলিশ। মামলায় তানভীরের অংশীদার নিয়াজ মোরশেদ এবং আটক রেস্টুরেন্ট ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে; তদন্তের স্বার্থে অপর এক আসামির নাম গোপন রাখা হয়েছে। উখিয়া থানার ওসি আতিকুর রহমান জানিয়েছেন, প্রধান আসামিসহ পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

