জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে বর্তমান সরকার জনগণের সঙ্গে সরাসরি প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত এক মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘বিএনপি বদলে গেলেও আমরা বদলাব না। জুলাই সনদ ও গণভোটের রায় আমরা বাস্তবায়ন করেই ছাড়ব। এই সরকার বিরোধী দলের সহযোগিতা পাওয়ার যোগ্যতা হারিয়েছে। আজ থেকে সরকারকে নয়, বিরোধী দল দেশের ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবে।’ তিনি আরও উল্লেখ করেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখা এবং বিরোধী দলের জনপ্রতিনিধিদের উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত করার সংস্কৃতি রাষ্ট্রের জন্য এক ধরনের অপরাধ। ফ্যাসিবাদের পথ চিরতরে রুদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তেই এ আন্দোলন অব্যাহত থাকবে।
সভায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের ফাঁকা বুলি শুনতে শুনতে জাতি ক্লান্ত হয়ে পড়েছে। ক্ষমতায় আসার পর বিএনপির এমন রূপ কেউ কল্পনাও করেনি। জুলাইয়ে নিজেদের নিহত কর্মীদের রক্তের প্রতি দায়বদ্ধতা থাকলে সরকারের উচিত অবিলম্বে সনদ কার্যকর করা। বিগত সরকারের পরিণতি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, প্রতিশ্রুতি ভঙ্গ করার পুনরাবৃত্তি বিএনপির করা উচিত হবে না।
আলোচনায় অংশ নিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, প্রধানমন্ত্রী জুলাই সনদ শতভাগ বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন। রাজনৈতিক নেতৃত্বের জন্য সেই প্রতিশ্রুতি রক্ষা করা একটি নৈতিক দায়িত্ব।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক অভিযোগ করে বলেন, বিএনপি জুলাই সনদ ও গণভোটের ক্ষেত্রে দ্বৈত নীতি গ্রহণ করেছে। তারা নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের ফল মেনে নিলেও একযোগে অনুষ্ঠিত গণভোটের রায় উপেক্ষা করছে। সনদ কার্যকর না হলে সংবিধান সংস্কার সংকট আরও জটিল রূপ নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি বলেন, সনদ বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা মানে ফিটনেসবিহীন গাড়িতে চড়ার সমান। সরকার সংস্কার পরিষদ গঠনের দাবি এবং গণভোটের রায় উপেক্ষা করে রাষ্ট্রকে জনকল্যাণের বদলে ব্যবসায়িক স্বার্থে পরিচালিত করছে।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় সভায় অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

