ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
দেশের বাজারে টানা কমছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে ভরিতে আরও ৬ হাজার ১৮২ টাকা কমায় এক বছর পর প্রথমবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ টাকার নিচে নেমেছে।
শনিবার (২১ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর ঘোষণা করে, যা আজ রোববার (২২ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে। নতুন দামে হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হবে ১৬ হাজার ৭১৫ টাকায়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়বে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।
একই সঙ্গে অন্যান্য মানের স্বর্ণের দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
সব মিলিয়ে গত দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে কমেছে ৩৪ হাজার ৭০০ টাকা। বাজুসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৬ অক্টোবর ২২ ক্যারেট স্বর্ণের ভরি দেশের বাজারে প্রথমবার ২ লাখ টাকা ছাড়িয়েছিল। বিশ্ববাজারেও গত এক সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৯ দশমিক ৪ শতাংশ কমেছে, যা শেষ আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

