ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৩টায় ফল উন্মুক্ত করার পর থেকেই তা দেখতে পারছেন পরীক্ষার্থীরা।
শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে কিংবা এসএমএসের মাধ্যমে ঘরে বসেই ফল জেনে নিতে পারছেন। এরই মধ্যে সব শিক্ষা বোর্ড নিজ নিজ ওয়েবসাইটে আলাদাভাবে ফল প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে। এর আগে রোববার (২২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনটি পদ্ধতিতে এই ফল দেখা যাবে।
বোর্ডভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদনে শীর্ষে ঢাকা বোর্ড। সেখানে জমা পড়েছে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি আবেদন। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম বোর্ডে আবেদন পড়েছে ১ লাখ ১৭ হাজার ৭০০টি।
অন্য বোর্ডগুলোর মধ্যে রাজশাহীতে ১ লাখ ৯ হাজার ৯৭১, যশোরে ৯৭ হাজার ৬১৮, কুমিল্লায় ৯২ হাজার ৭৭৬, দিনাজপুরে ৮৯ হাজার ৪২০, ময়মনসিংহে ৭১ হাজার ৭৬২, বরিশালে ৫৩ হাজার ৪০৯ এবং সিলেটে ৫১ হাজার ২৪৩টি উত্তরপত্রের পুনর্নিরীক্ষার আবেদন করা হয়েছে। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে আবেদন পড়েছে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি। সব বোর্ড মিলিয়ে আবেদনের সংখ্যা দাঁড়ায় ১০ লাখ ৮৭ হাজারের বেশি।

