ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
ব্রেন টিউমার, অস্ত্রোপচার ও কেমোথেরাপির কঠিন সময় পেরিয়ে প্রায় নয় মাস পর আবার অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ফিরে আসা নাটক ‘অংশীদার’ মুক্তির ২২ ঘণ্টার মধ্যেই ১৫ লাখ ৮৫ হাজারের বেশি ভিউ পেয়ে দর্শকদের প্রশংসায় ভাসছে।

দীর্ঘ অসুস্থতার কারণে প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে ছিলেন তানিয়া বৃষ্টি। তবে কাজে ফিরেই যেন বুঝিয়ে দিলেন, পর্দায় তার উপস্থিতির আবেদন আগের মতোই অটুট। গত ২৬ অক্টোবর নাটকটির শুটিংয়ে অংশ নেন তিনি। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটি শনিবার (২১ নভেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। নাটকে তার সঙ্গে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর প্রমুখ।
মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে ভালো সাড়া মিলছে। নাটকটি দেখে আবেগাপ্লুত হওয়ার কথা জানিয়েছেন অনেকে। গল্পে আছে নারীর ন্যায্য অধিকার, আত্মমর্যাদা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা। বিশেষ করে বাবার সম্পত্তিতে মেয়েদের অধিকার নিয়ে নাটকের বক্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে; অনেক দর্শক গল্পে নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন।
প্রিয় অভিনেত্রীকে আবার পর্দায় দেখে শুভকামনা জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। তারা তার সুস্থতা কামনার পাশাপাশি নিয়মিত অভিনয়ে ফেরার প্রত্যাশাও জানিয়েছেন। নির্মাতা ইকসান রনি বলেন, অসুস্থতার কারণে আগে একসঙ্গে কাজ করার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। পরে যোগাযোগ হলে গল্প পড়ে তানিয়া নিজেই কাজটি করতে আগ্রহ দেখান। শুটিংয়ে তাকে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। তিনি আরও বলেন, ‘অংশীদার’ আমাদের সমাজেরই একটি বাস্তব চিত্র, আর দর্শকদের এমন সাড়া পুরো দলের জন্য বড় অনুপ্রেরণা।

