ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে ঢাকা শিক্ষা বোর্ডেই নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৬৪ জন শিক্ষার্থী; সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় প্রকাশিত ফলে এ বোর্ডের মোট ৫ হাজার ৮৫৩ জনের কোনো না কোনো বিষয়ের গ্রেড বদলে গেছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, পুনঃনিরীক্ষণে যাঁদের ফল পরিবর্তন হয়েছে, তাঁদের রোল নম্বর, বিষয়ের নাম, আগের ও বর্তমান গ্রেডসহ জিপিএ ১৭৯ পৃষ্ঠার একটি তালিকায় দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট থেকে নিজেদের ফল দেখে নিতে পারবেন।
শুধু ঢাকা নয়, সারা দেশের চিত্রও চোখ কপালে তোলার মতো। শিক্ষা বোর্ডগুলোর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১টি বোর্ডে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী। মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র আবার যাচাই করে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন করা হয়েছে, যা আবেদনকারীদের ১১ দশমিক ৪৫ শতাংশ।
বোর্ডভিত্তিক হিসাবে ফল পরিবর্তনের সংখ্যায় সবার ওপরে ময়মনসিংহ। এ বোর্ডে আবেদন করেছিলেন ১৮ হাজার ৮৭০ জন, যাচাই হয়েছে ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র, আর ফল বদলেছে ৮ হাজার ৩৩৯ জনের; অর্থাৎ আবেদনকারীদের ৪৪ দশমিক ১৯ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকা বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন আবেদন করেছিলেন, যাচাই হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি উত্তরপত্র, আর ৫ হাজার ৮৫৩ জনের ফল বদলেছে, যা আবেদনকারীর ৭ দশমিক ১৬ শতাংশ।

