ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (বেবিচক) ইলেক্ট্রো-মেকানিক্যাল (ই/এম) প্রকল্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে বুধবার (২৫ নভেম্বর) অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ কমিশন দাবি, ভুয়া বিল-ভাউচারে সরকারি অর্থ আত্মসাৎ এবং ঘুষের বিনিময়ে ওভারটাইম বিল দেওয়ার অভিযোগ উঠেছে।
দুদকের জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে, কমিশনের প্রধান কার্যালয়ের একটি ইনফোর্সমেন্ট টিম সহকারী পরিচালক রুবেল হোসেনের নেতৃত্বে এই অভিযান চালাচ্ছে। অভিযান চলছে মূলত বেবিচকের ইলেক্ট্রো মেকানিক্যাল বিভাগে।
বেবিচক সূত্র জানায়, সকালে প্রতিষ্ঠানটিতে ঢুকেই দুদকের দল প্রথমে চেয়ারম্যানের সঙ্গে দেখা করে। চেয়ারম্যান তাদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পরে দলটি ই/এম বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহরিয়ার মোরশেদ সিদ্দিকীর দপ্তরে অবস্থান নেয়।
একই দিনে দুদকের আলাদা দল ভোলা আঞ্চলিক পাসপোর্ট অফিস, শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন ভূমি অফিস এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে।

