ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
আগামী তিন বছরে প্রায় ৫ লাখ বিদেশি শ্রমিক নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে ইতালির সরকার। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন কর্মী নেওয়া হবে, আর এই তালিকায় রয়েছে বাংলাদেশও।
দেশটির ‘দেক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় এই নিয়োগ দেওয়া হবে। শ্রমবাজারে কর্মীসংকট মোকাবিলা এবং বৈধ পথে বিদেশি শ্রমিক আনার লক্ষ্যেই উদ্যোগটি নেওয়া হয়েছে। ইতালির শ্রম ও সামাজিক নীতিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জন কর্মী নেওয়া হবে।
নিয়োগে কৃষি ও পর্যটন খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিন বছরের মোট কোটার মধ্যে ২ লাখ ৬৭ হাজার কর্মী নেওয়া হবে এই দুই খাতের মৌসুমি কাজে। বাকি ২ লাখ ৩০ হাজার ৫৫০ জনের জন্য রয়েছে অমৌসুমি ও স্বনিয়োজিত কাজের সুযোগ। নির্মাণ, উৎপাদন, পরিবহন ও সেবা খাতেও বিদেশিদের কাজের সুযোগ থাকবে।
বাংলাদেশিরা অমৌসুমি চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন। তবে বাংলাদেশের জন্য আলাদা করে পাঁচ লাখ বা বড় কোনো সংখ্যার কোটা বরাদ্দ করা হয়নি; বিভিন্ন দেশের জন্য নির্ধারিত সংরক্ষিত কোটার মধ্যেই বাংলাদেশ রয়েছে। এর আগে ৩ নভেম্বর ঢাকায় ইতালি দূতাবাসের এক সেমিনারে বৈধ অভিবাসন, দক্ষতা উন্নয়ন ও ইতালীয় ভাষা শেখার ওপর জোর দেওয়া হয়। সেখানে জানানো হয়, ইতালিতে বর্তমানে প্রায় ২ লাখ ১৭ হাজার বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন, যাঁদের প্রায় ৮০ হাজারের কাজের অনুমতি আছে।

