বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চার কর্মকর্তাকে ‘কমিশনের স্বার্থপরিপন্থী কর্মকাণ্ডে সহকর্মী ও বহিরাগতদের সঙ্গে সম্পৃক্ততার’ অভিযোগে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে। সম্প্রতি পৃথক চারটি চিঠির মাধ্যমে কমিশনের পক্ষ থেকে নোটিশগুলো জারি করা হয়। নোটিশে আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে; অন্যথায় তাদের কোনো বক্তব্য নেই ধরে নিয়ে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।
তবে শোকজ পাওয়া কর্মকর্তাদের দাবি, বিটিআরসির পদোন্নতিসংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট আবেদন করায় তাদের ওপর এমন হয়রানিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলতি বছরের শুরুতে অডিট আপত্তি থাকা কয়েকজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার উদ্যোগ নিলে মার্চ মাসে ৬ কর্মকর্তা হাইকোর্টে রিট করেন। এর পরপরই রিটকারীদের মধ্যে দুজনকে ঢাকার বাইরে বদলি করা হয় এবং বাকি চারজনকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে অন্য দপ্তরে সরিয়ে দেওয়া হয়।
সার্বিক বিষয়ে বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে ফোনে যোগাযোগ ও খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে বিটিআরসির জনসংযোগ দপ্তরের মাধ্যমে লিখিত বক্তব্য জানতে চাওয়া হলেও কমিশন বা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।


