মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের বিক্ষোভ, সড়ক অবরোধ, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা। পরে তাঁদের সঙ্গে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা–কর্মীরা যোগ দেন। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে পাটগাতী বাসস্ট্যান্ড হয়ে পাটগাতী বাজারে গিয়ে যুবদলের কার্যালয়ের বাইরে থাকা কয়েকটি ফেস্টুন ও ব্যানার ভাঙচুর করেন। এরপর পাটগাতী বাসস্ট্যান্ডে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের একপর্যায়ে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়–সংলগ্ন সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এ সময় কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়। এর ফলে গোপালগঞ্জ–পিরোজপুর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। সংঘর্ষে আহত পুলিশ সদস্যসহ অন্য ব্যক্তিরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে এই সংঘর্ষ ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এদিকে কাশিয়ানী উপজেলার কালনা মধুমতি সেতুর টোলপ্লাজা এলাকা এবং পোনা ও মাজড়ার মধ্যবর্তী স্থানে ঢাকা–খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। এর আগে সোমবার দিবাগত রাতে কাশিয়ানীর ওড়াকান্দি ইউনিয়নের গোপালপুর এলাকায় মহাসড়ক অবরোধ, মহেশপুর রেলস্টেশনে আগুন এবং গোপালগঞ্জ শহরের বিভিন্ন সরকারি স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া সদর উপজেলার বেদগ্রাম এলাকায় মহাসড়ক অবরোধ এবং কোটালীপাড়ায় মশালমিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানিয়েছেন, গত রাতের নাশকতার ঘটনায় পুলিশ এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া সাতটি মোটরসাইকেল ও ১৫টি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়েছে। দু–একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বর্তমানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version