প্রস্তাবিত গঙ্গা ব্যারেজের মতো একটি বিরাট জনগুরুত্বসম্পন্ন প্রকল্প বাস্তবায়িত হওয়ার আগে যত আলোচনা হয়, ততই তা মঙ্গলজনক। এই আলোকে গত ২৮ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ কৌশল বিভাগের একজন অধ্যাপকের লেখা ‘পদ্মা ব্যারাজ কেন প্রয়োজন, মূল চ্যালেঞ্জ কোথায়’ নিবন্ধটি অত্যন্ত সময়োপযোগী। এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
তবে ওই নিবন্ধে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে, যা সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। সে কারণেই কিছু বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা ও উত্তর দেওয়া প্রয়োজন।
অতীতে সম্পাদিত সমীক্ষার মূল কাজ ছিল ব্যারাজের স্থান নির্বাচন
নিবন্ধের শুরুতেই উল্লেখ করা হয়েছে যে ‘দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে’ এই প্রকল্প নিয়ে নানা সমীক্ষা সম্পাদিত হয়েছে। এমনকি নিবন্ধের শেষেও বলা হয়েছে যে এসব সমীক্ষা এই প্রকল্পের ‘গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রকৌশল ভিত্তি তৈরি করেছে’।
এই বক্তব্যের মাধ্যমে মূলত এমন একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে, পূর্বের এসব সমীক্ষার মাধ্যমেই এই প্রকল্পের যথার্থতা প্রমাণিত হয়ে গেছে এবং এখন এর দ্রুত বাস্তবায়নে এগিয়ে যাওয়া উচিত।
অথচ যে ‘সম্ভাব্যতা প্রতিবেদনে’র (ফিজিবিলিটি রিপোর্টের) ওপর ভিত্তি করে সরকার বর্তমান সময়ে এই প্রকল্প নিয়ে অগ্রসর হচ্ছে, সেই প্রতিবেদনেই স্পষ্টভাবে জানানো হয়েছে যে ইতিপূর্বে যেসব বিদেশি কোম্পানিকে এই ব্যারাজের কাজে নিয়োজিত করা হয়েছিল, তাদের মূল কাজ ছিল কেবল ব্যারাজের ‘স্থান নির্বাচন’। অর্থাৎ, ভৌগোলিক ও কারিগরি দিক থেকে ‘কোথায়’ ব্যারাজটি নির্মাণ করা শ্রেয় হবে, কেবল সেই প্রশ্নের উত্তর খোঁজাটাই ছিল তাদের দায়িত্ব।
এই ব্যারাজ নির্মাণ আদৌ দরকার কি না কিংবা এর ভালো-মন্দ প্রভাব কী হতে পারে, তা যাচাই বা মূল্যায়ন করা তাদের কাজের পরিধির মধ্যে ছিল না। সুতরাং, ছয় দশক ধরে হওয়া বহু সমীক্ষা দ্বারা এই ব্যারেজ নির্মাণের যৌক্তিকতা পুরোপুরি প্রমাণিত হয়ে গেছে—এ ধরনের দাবি সঠিক নয়।
প্রকৌশলগত মানসিকতা ও কাঠামোগত দৃষ্টিভঙ্গি
কেন ইতিপূর্বে সম্পাদিত সমীক্ষাগুলো ব্যারাজের যথার্থতা বা প্রয়োজনীয়তা গভীরভাবে পরীক্ষায় সচেষ্ট হয়নি, সেই বিষয়টি উপলব্ধি করতে পারলে অনেক জটিল প্রশ্নেরই সহজে সমাধান মিলে যায়।
সাধারণত পানিসম্পদ বিষয়ক প্রকৌশলীদের প্রধান কাজ হলো বাঁধ, ব্যারাজ, বেড়িবাঁধ, স্লুইসগেট ইত্যাদি ভৌত অবকাঠামো নির্মাণ করা। তাঁদের প্রাতিষ্ঠানিক শিক্ষা, পাঠদান এবং পেশাগত জীবন এই কাঠামোগুলোকে ঘিরেই আবর্তিত হয়। ফলে এসব কাঠামো নির্মাণ করা সবসময়ই একটি ভালো ও ইতিবাচক কাজ—এমন একটি ধারণা তাঁদের মনস্তত্ত্বে দৃঢ়ভাবে গেঁথে যায়।
বলা চলে, এই বিশ্বাসটি যেন তাঁদের পেশাগত ডিএনএর অংশ হয়ে দাঁড়ায়। এ কারণে আমাদের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকৌশলীরা নিজেরাও যেমন ব্যারাজ নির্মাণের মৌলিক যথার্থতা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করেন না, তেমনি তাঁরা যে বিদেশি কোম্পানিগুলোকে নিয়োগ দেন, তাদের কাছেও এই মৌলিক প্রশ্নটি রাখেন না। তাঁরা কেবল জানতে চান—কোথায় নির্মাণ করলে এটি টেকনিক্যালি সবচেয়ে ভালো হবে।


