নামের মিলের কারণে দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় এক বছর ধরে কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন ঢাকার দোহার উপজেলার মো. আলমাস। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা পৌনে তিনটার দিকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি কারামুক্ত হন।
এর আগে গত রোববার উচ্চ আদালত মো. আলমাসকে তাৎক্ষণিক মুক্তি দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। আদালতের এই নির্দেশনার তিন দিন পর আজ তিনি আইনি প্রক্রিয়া শেষে কারাগার থেকে মুক্ত হলেন। মো. আলমাসের কারামুক্তির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারেন জেলার মো. শাখাওয়াত হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সঠিক পরিচয় যাচাই না হওয়ায় এবং অপর এক ব্যক্তির সঙ্গে নামের মিল থাকার কারণে নির্দোষ হওয়া সত্ত্বেও দীর্ঘ সময় ধরে আলমাসকে কারাভোগ করতে হয়। অবশেষে আদালতের সুনির্দিষ্ট আদেশের পর প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে তাঁর এই মুক্তি মিলল।


