এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। আজ শনিবার প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। এর আগে শুক্রবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমেছিল। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার নতুন দাম ঘোষণা করে। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। বিশ্ববাজারে সোনার দামের ঊর্ধ্বগতিও এর পেছনে ভূমিকা রাখছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।
এদিকে সোনার দাম বাড়লেও কমেছে রুপার দাম। প্রতি ভরি রুপার দাম সর্বোচ্চ ১১৬ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম দাঁড়িয়েছে ৫ হাজার ১৬ টাকা।
দেশের বাজারে চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ওই দিন এক লাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা। এরপর দাম কমে একপর্যায়ে ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে এলেও পরে আবার বাড়তে শুরু করে।
বিশ্ববাজারেও সাম্প্রতিক সময়ে সোনার দাম ঊর্ধ্বমুখী হয়েছে। একই সময়ে মার্কিন ডলার তুলনামূলক দুর্বল অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমানে সোনার মূল্যবৃদ্ধির পেছনে পারস্য উপসাগরের ভূরাজনৈতিক পরিস্থিতির তুলনায় দুর্বল ডলারের প্রভাবই বেশি দেখা যাচ্ছে।
তবে বিশ্ববাজারে প্রতিদিনই দামের ওঠানামা হচ্ছে। বৃহস্পতিবার সোনার দাম বাড়লেও শুক্রবার আউন্সপ্রতি প্রায় ১৭ ডলার কমেছে। সামগ্রিকভাবে সোনার বাজারে উত্থান-পতনের প্রবণতা অব্যাহত রয়েছে।


