ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
নতুন ঘরোয়া টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি (ডি-থ্রি) ট্রফির নিলামে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারকে নিয়ে দলগুলোর মধ্যে রীতিমতো কাড়াকাড়ি দেখা গেছে। সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শেরাটন হোটেলে চলা নিলামে সবচেয়ে বেশি ২ কোটি ৩০ লাখ পয়েন্টে পেসার শরীফুল ইসলামকে দলে টেনেছে সিটিজেন ব্যাংক।
শরীফুলের পরেই আছেন আরেক পেসার তাসকিন আহমেদ, তাঁকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে কিনেছে ওয়ালটন। জাতীয় দলের ওপেনার তানজিদ হাসানকে ২ কোটি পয়েন্টে নিয়েছে ফরচুন। আরেক ওপেনার সাইফ হাসান গেছেন সেভেন রিংসে, ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে। জাকের আলীকে ১ কোটি ৭০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সিটিজেন ব্যাংক। ছয়টি দল অংশ নেওয়া এই নিলামে ডাকা হচ্ছে মোট ২৭৫ জন ক্রিকেটারকে।
তবে এই পয়েন্টই খেলোয়াড়দের পারিশ্রমিক নয়। ক্রিকেটাররা পাবেন বিসিবির নির্ধারিত ঘরোয়া ম্যাচ ফি। প্রতিটি দলের জন্য ১০ কোটি পয়েন্টের সীমা বেঁধে দেওয়া হয়েছে, সেই সীমার মধ্যেই দল সাজাতে হচ্ছে। খেলোয়াড়দের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে; ‘বি’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩০ লাখ, ‘সি’ ২০ লাখ, ‘ডি’ ১০ লাখ ও ‘ই’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫ লাখ পয়েন্ট। তিন সংস্করণের এই টুর্নামেন্ট চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়ানোর কথা রয়েছে।

