শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩, ২৭ রবিউস সানি ১৪৪৮

বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে টয়োটা বাংলাদেশ লিমিটেড। দেশে কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার সুযোগ খুঁজছে প্রতিষ্ঠানটি।

টয়োটা টুসো করপোরেশন ও টয়োটা বাংলাদেশ লিমিটেডের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা ও ভাবনা তুলে ধরে।

প্রতিনিধিদলে ছিলেন টয়োটা টুসো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানি, মোবিলিটি ডিভিশনের প্রধান নির্বাহী শিগেরু হারাদা, টয়োটা টুসো এশিয়া প্যাসিফিকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আকিও ওগাওয়া এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রেমিত সিং।

সাক্ষাতে বাংলাদেশে টয়োটার কার্যক্রম আরও সম্প্রসারণ, সম্ভাব্য বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশে আরও কর্মসংস্থান তৈরি, প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয় পর্যায়ে দক্ষ জনশক্তি গড়ে তোলার সুযোগ অনুসন্ধান করছে তারা।

টয়োটার ভবিষ্যৎ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে সরকার। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ বিনিয়োগ ও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় নীতিগত সহায়তা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রস্তুতির কথাও জানানো হয়েছে।

বাংলাদেশের অটোমোবাইল শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ জানিয়েছে টয়োটা বাংলাদেশ। প্রতিষ্ঠানটির লক্ষ্য, কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পের বিকাশে ভূমিকা রাখা।

এ ছাড়া বাংলাদেশে গাড়ি উৎপাদনের পরিকল্পনার কথাও সরকারকে জানিয়েছে টয়োটা টুসো। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে একটি অর্থনৈতিক অঞ্চলে হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল (এইচইভি) উৎপাদন শিল্প স্থাপনের কাজ শুরু করার লক্ষ্য রয়েছে। পূর্ণমাত্রায় উৎপাদন শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০২৯ সাল।

একই সঙ্গে দেশের সব বিভাগীয় পর্যায়ে টয়োটার বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ এবং তরুণদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ তৈরির পরিকল্পনার কথাও আলোচনায় তুলে ধরা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version