শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩, ২৭ রবিউস সানি ১৪৪৮

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির শেষ ম্যাচের পর আর্জেন্টিনা দলের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বেনিনের কোচ গেরনট রোহর। তাঁর অভিযোগ, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড়দের যথাযথ সম্মান দেখানো হয়নি। এমনকি জার্সি বদল করতে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে তাঁদের।

বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। দেশের জার্সিতে এটিই ছিল মেসির শেষ ম্যাচ। ফলে ম্যাচ শেষে আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টরা মেসির বিদায় উদ্‌যাপনে ব্যস্ত হয়ে পড়েন।

এ সময় বেনিনের খেলোয়াড়রা আর্জেন্টিনার ফুটবলারদের সঙ্গে জার্সি বিনিময়ের চেষ্টা করেন। তবে বেনিন কোচ রোহরের দাবি, তাঁর দলের খেলোয়াড়দের সেই সুযোগ দেওয়া হয়নি।
ফরাসি রেডিও স্টেশন আরএমসির ‘রথেন সঁফ্লাম’ অনুষ্ঠানে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জার্মান এই কোচ। তাঁর অভিযোগ, আর্জেন্টিনা দল বেনিনকে যথাযথ গুরুত্ব দেয়নি।

রোহর বলেন, ‘হ্যাঁ, বিষয়টি অত্যন্ত কঠিন ছিল। আমরা চেষ্টা করেছি। আফসোসের বিষয় হলো, আর্জেন্টাইনরা আমাদের কিছুই দেয়নি। মেসির সঙ্গে কোনো ছবি নয়, কোনো জার্সিও নয়। তারা আমাদের টানেলেও ঢুকতে দেয়নি, এমনকি ড্রেসিংরুমেও নয়।’

ম্যাচের আগে অবশ্য মেসির কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন রোহর। অতীতে নাইজেরিয়ার কোচের দায়িত্বে থাকার সময় মেসির কাছ থেকে একটি জার্সি উপহার পেয়েছিলেন তিনি। মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচে সেই জার্সিতেই আর্জেন্টাইন তারকার অটোগ্রাফ নেওয়ার ইচ্ছা ছিল তাঁর।

শেষ পর্যন্ত নিজের সেই ইচ্ছা পূরণ করতে পেরেছেন রোহর। তবে ব্যক্তিগতভাবে মেসির অটোগ্রাফ পেলেও ম্যাচ শেষে তাঁর দলের খেলোয়াড়দের সঙ্গে আর্জেন্টিনা দলের আচরণে সন্তুষ্ট হতে পারেননি বেনিন কোচ।

বিশেষ করে ছবি তোলা, জার্সি বিনিময় এবং টানেল বা ড্রেসিংরুমে প্রবেশের সুযোগ না পাওয়ার বিষয়গুলো নিয়েই প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, মেসির বিদায়ী ম্যাচের আবেগঘন আয়োজনের মধ্যে বেনিনের খেলোয়াড়দের প্রত্যাশিত সুযোগ দেওয়া হয়নি।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version