নতুন জাতীয় বেতনকাঠামো প্রণয়ন করা হলেও সরকারি চাকরিজীবীরা আপাতত আগের হারেই তাঁদের বিভিন্ন ভাতা পেতে থাকবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলতি বছরের ৩০ জুন যে হারে ভাতা পেতেন, সেই হারেই তা অব্যাহত থাকবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আজ সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সকল কর্মচারীর জন্য এই আদেশ প্রযোজ্য হবে।
এদিকে চলতি অক্টোবর মাস থেকেই নতুন বেতনকাঠামোর বর্ধিত মূল বেতন পেতে শুরু করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। গত ১৯ সেপ্টেম্বর জারি হওয়া বেতন ও ভাতাদি আদেশ অনুযায়ী, নির্ধারিত মূল বেতন পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত বেতনের শতকরা হারেই বিভিন্ন ভাতা দেওয়ার বিধান রাখা হয়েছে।
নতুন বেতনকাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এটি গত ১ জুলাই থেকে কার্যকর হলেও সরকারি চাকরিজীবীদের পুরো বর্ধিত বেতন দুই অর্থবছরে (২০২৬–২৭ ও ২০২৭–২৮) তিনটি ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী প্রথম ধাপ চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত, দ্বিতীয় ধাপ ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন এবং তৃতীয় ধাপ ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে কার্যকর করা হবে। তবে নতুন স্কেল অনুযায়ী ভাতা প্রদান শুরু হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মাস শেষে কর্মকর্তা-কর্মচারীদের বর্ধিত বেতন পরিশোধের জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রয়েছে। বর্তমানে আইবাস প্লাস প্লাসের (iBAS++) মাধ্যমে অনলাইনে ‘পে ফিক্সেশন’ বা বেতন নির্ধারণের কাজ চলছে, যা মঙ্গলবার নাগাদ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।


