মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

ব্যালন ডি’অরজয়ী নির্বাচনে সাধারণ ফুটবলপ্রেমীদের সরাসরি ভোটাধিকার না থাকলেও এবার সমর্থকদের মতামত প্রকাশের এক অনন্য সুযোগ নিয়ে এসেছে ব্যালন ডি’অর কর্তৃপক্ষ। তবে এটি বর্তমান বছরের জন্য নয়; পুরস্কারটির ৭০ বছর পূর্তি উপলক্ষে ইতিহাসের সেরা ব্যালন ডি’অরজয়ী মৌসুম বেছে নিতে আয়োজন করা হয়েছে বিশেষ ভোটাভুটি ‘বোট’ (বেস্ট অব অল টাইম)।

এই বিশেষ নির্বাচনে অংশ নিতে সমর্থকদের প্রতি ভোটের জন্য ব্যয় করতে হবে এক ইউরো। একই খেলোয়াড়কে যতবার খুশি ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। একাধিকবার ব্যালন ডি’অর জয় করা ফুটবল ইতিহাসের ১০ কিংবদন্তি খেলোয়াড়কে রাখা হয়েছে এই তালিকায়। লিওনেল মেসি (৮ বার) ও ক্রিস্টিয়ানো রোনালদো (৫ বার) ছাড়াও তালিকায় আছেন রোনালদো নাজারিও, মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি, কার্ল-হেইঞ্জ রুমেনিগে, কেভিন কিগান, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইয়োহান ক্রুইফ ও আলফ্রেডো দি স্তেফানো। ভক্তরা মূলত নির্ধারণ করবেন এই তারকাদের জেতা বছরগুলোর মধ্যে কোন একক মৌসুমের পারফরম্যান্স ফুটবলের ইতিহাসে সেরা ছিল।
ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইটে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে ২৭ অক্টোবর প্যারিসের স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত। অর্থ খরচ করে অংশ নেওয়া ভোটারদের জন্য চলতি বছরের ব্যালন ডি’অর গালা অনুষ্ঠানের দুটি টিকিট জেতার লটারি এবং স্মারক ছবি ডাউনলোডের সুযোগ রেখেছে কর্তৃপক্ষ। তবে আয়োজকরা স্পষ্ট করেছেন, এই ফলাফল মূলত অংশগ্রহণকারীদের ব্যক্তিগত পছন্দের প্রতিফলন, কোনো আনুষ্ঠানিক ঐতিহাসিক রায় নয়।
এখন পর্যন্ত ভোটের পরিসংখ্যানে সবচেয়ে এগিয়ে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুমটি, যে বছর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনি প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ ডাবল জিতে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর নিজের করে নিয়েছিলেন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লিওনেল মেসির অতিমানবীয় ২০১২ সালের বর্ষসেরা মৌসুমটি। ঐতিহাসিক এই আয়োজনকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের মাঝে, বিশেষ করে মেসি ও রোনালদো ভক্তদের প্রতিদ্বন্দ্বিতায় নতুন করে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version