মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

ব্যক্তিগত সম্পর্ক ও চীনা গোয়েন্দাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তদন্তের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এক নারীর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি নিয়ে জোর তদন্ত চলার খবর প্রকাশের পর বড় ধরনের দরপতনের শিকার হয়েছে তাঁর কোম্পানির শেয়ার। এতে এক দিনেই জেনসেন হুয়াংয়ের ৬শ ৮০ কোটি ডলার সম্পদ কমে গেছে।

নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে হুয়াংয়ের সম্পদ ৭৪০ কোটি ডলার পর্যন্ত কমে যায়। পরবর্তীতে শেয়ারের দাম কিছুটা বাড়লে সম্পদমূল্য সামান্য বৃদ্ধি পায়। তবে দিনশেষে স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষে তাঁর মোট সম্পদমূল্য কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৪০ কোটি ডলার। এই দরপতনের কারণে বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের রিয়েল-টাইম বিলিয়নিয়ার তালিকায় হুয়াং অষ্টম থেকে দশম স্থানে নেমে গেছেন।

গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ তৈরির জন্য বিশ্বজুড়ে খ্যাত মার্কিন বহুজাতিক কোম্পানি এনভিডিয়া। ১৯৯৩ সালে জেনসেন হুয়াং, ক্রিস মালাকস্কি ও কার্টিস প্রিয়াম এটি প্রতিষ্ঠা করেন।

একদিনে ২৬ হাজার কোটি ডলার বাজারমূল্য হ্রাস

নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে গতকাল এনভিডিয়ার শেয়ারের দাম আগের দিনের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ কমেছে। বাজার খোলার আগে এই দরপতন ৭ শতাংশ ছাড়িয়েছিল। হুয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরুর ঘোষণা আসার পর এটিই ছিল কোম্পানির প্রথম কার্যদিবসের লেনদেন।

এই দরপতনের ফলে এনভিডিয়ার বাজারমূল্যও ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। গত শুক্রবার লেনদেন শেষে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ছিল ৪ লাখ ৫০ হাজার কোটি মার্কিন ডলার, যা গতকাল কমে দাঁড়িয়েছে ৪ লাখ ২৪ হাজার কোটি ডলারে। অর্থাৎ, একদিনেই কোম্পানিটির বাজারমূল্য ২৬ হাজার কোটি ডলার কমেছে। বিশ্বের সবচেয়ে মূল্যবান তালিকাভুক্ত কোম্পানির অবস্থান নিয়ে বর্তমানে অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে এনভিডিয়া।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সাত প্রযুক্তিপ্রতিষ্ঠান—অ্যাপল, মাইক্রোসফট, অ্যালফাবেট, অ্যামাজন, এনভিডিয়া, মেটা ও টেসলা (ম্যাগনিফিশেন্ট সেভেন) এর মধ্যে গতকাল বাজার খোলার আগের লেনদেনে একমাত্র এনভিডিয়ারই শেয়ারের দর কমেছে।

যা রয়েছে তদন্তে ও বিবৃতিতে

গত রোববার কর্মীদের উদ্দেশে পাঠানো এক বিবৃতিতে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি স্বীকার করে নিজের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছেন জেনসেন হুয়াং। একই সঙ্গে প্রতিষ্ঠানের চলমান তদন্তে সব ধরনের সহযোগিতার কথা জানান তিনি।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখতে স্বতন্ত্র পরিচালকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং বাইরের আইনজীবীদের নিয়োগ দেওয়া হচ্ছে। তবে প্রতিষ্ঠানটির দাবি, এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি, যাতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার গোপন প্রযুক্তিগত তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে।

এদিকে জেনসেন হুয়াংয়ের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার রাতে হুয়াংকে ‘সম্মানিত ব্যক্তি’ হিসেবে উল্লেখ করার পাশাপাশি নিজের আসন্ন চীন সফরে তাঁকে সঙ্গে নেওয়ার পরিকল্পনার কথা জানান ট্রাম্প।

কে এই অ্যালিস হুয়াং?

গত মাসের শেষ দিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, চীনা নাগরিক অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মার্কিন গোয়েন্দাদের সন্দেহ, অ্যালিস বেইজিংয়ের হয়ে তথ্য সংগ্রহ করেন। ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ স্মারকে উল্লেখ করা হয়েছে, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের জন্য তথ্য সংগ্রহ করতে দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা তাঁকে নিয়োগ দিয়েছিল। প্রায় এক বছর আগে মার্কিন গোয়েন্দারা বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছিলেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াং নিজেকে সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটিং সেবাদাতা প্রতিষ্ঠান মেগাস্পিডের প্রধান নির্বাহী হিসেবে পরিচয় দিতেন। তবে গত আগস্টে তাঁকে ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

২০২৪ সালের জুনে একটি পানশালায় জেনসেন হুয়াং ও অ্যালিস হুয়াংকে একসঙ্গে দেখা গিয়েছিল। এ ছাড়া এআই চিপ খাতের অন্য বড় কর্তাদের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সাল থেকে মেগাস্পিডের কার্যক্রম নিয়ে তদন্ত করছে যুক্তরাষ্ট্র। চীনের হাতে অননুমোদিতভাবে এনভিডিয়ার চিপ গেছে কি না, সেই আশঙ্কাও খতিয়ে দেখছে তারা।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version