বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি মৌসুমী ও ওমর সানীর প্রেম ও বিয়ের গল্প আজও ভক্তদের কাছে আলোচনার বিষয়। তবে তাঁদের ভালোবাসার গল্পের চেয়েও বেশি আলোচিত হয়েছিল ১৯৯৬ সালের ২ আগস্টের বিবাহোত্তর সংবর্ধনা। সেদিন ঘোড়ার গাড়িতে চড়ে বর হয়ে আসেন ওমর সানী, আর তাঁর পেছনে ছিল ১১৭টি গাড়ির বিশাল বহর। মহাখালী ডিওএইচএস থেকে শাহবাগের তৎকালীন পাঁচতারকা শেরাটন হোটেল পর্যন্ত সেই দীর্ঘ গাড়ির সারিতে সৃষ্টি হয়েছিল তীব্র যানজট। নব্বইয়ের দশকের ঢাকায় এমন আয়োজন ছিল বিরল, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসে।
তবে এই জাঁকজমকপূর্ণ সংবর্ধনার অনেক আগেই, ১৯৯৫ সালের ৪ মার্চ গোপনে বিয়ে করেছিলেন মৌসুমী ও ওমর সানী। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং চলচ্চিত্রের দুই পরিচালকের উপস্থিতিতে সম্পন্ন হয় তাঁদের বিয়ে। অভিনয়জীবনের কথা বিবেচনা করে তখন বিষয়টি গোপন রাখেন তাঁরা। পরে প্রথম সন্তানের আগমনের খবর জানার পর আর বিষয়টি লুকিয়ে না রেখে আনুষ্ঠানিকভাবে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেন। মৌসুমীর ইচ্ছাতেই সেদিন বরযাত্রী হয়ে ঘোড়ার গাড়িতে শেরাটন হোটেলে যান ওমর সানী।
এই সম্পর্কের শুরু হয়েছিল ১৯৯২ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মহরতে। পরে ‘দোলা’ ও ‘আত্ম অহংকার’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের মধ্যে গড়ে ওঠে ভালো লাগা। একসময় সেই সম্পর্ক রূপ নেয় ভালোবাসায়। ওমর সানী প্রকাশ্যেই একটি সাক্ষাৎকারে মৌসুমীকে ভালোবাসার কথা স্বীকার করেন। পরে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়। আজও তিন দশক পর সেই ভালোবাসার গল্প এবং ঢাকার ইতিহাসে আলোচিত সেই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান স্মৃতির পাতায় বিশেষ জায়গা দখল করে আছে।



