দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর জানিয়েছেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী।

প্রকাশিত ছবিতে সাদা রঙের ঢিলেঢালা গাউন পরা অবস্থায় দেখা গেছে মাহিরাকে। এক হাতে পেট ধরে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তিনি। ছবির সঙ্গে মাহিরা লিখেছেন, ‘আমরা পরিকল্পনা করি, এরপর আসে আল্লাহর পরিকল্পনা।’ এই একটি বাক্যের মাধ্যমেই জীবনের নতুন অধ্যায়ের কথা ভক্তদের জানিয়েছেন অভিনেত্রী।

পোস্টটি প্রকাশের পরপরই মাহিরার ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানাতে শুরু করেন। ছবিতে তাঁর পোশাক ও সাজসজ্জায় ছিল সাদামাটা আবহ। মাতৃত্বের আনন্দই যেন সেখানে সবচেয়ে বেশি ফুটে উঠেছে।

২০২৩ সালের অক্টোবরে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা খান। বিয়ের প্রায় তিন বছর পর তাঁদের সংসারে আসছে নতুন অতিথি। সেলিম করিমের সঙ্গে এটি মাহিরার প্রথম সন্তান হলেও অভিনেত্রীর এটি দ্বিতীয় সন্তান।

মাহিরার প্রথম স্বামী আলী আসকারির সঙ্গে তাঁর ১৭ বছর বয়সী ছেলে আজলান রয়েছে। মাহিরার দ্বিতীয় বিয়ের সময়ও মায়ের পাশে ছিলেন আজলান। বিয়ের অনুষ্ঠানে মায়ের হাত ধরে তাঁকে মঞ্চে নিয়ে যাওয়ার সেই মুহূর্তটি তখন ভক্তদের বিশেষভাবে নজর কেড়েছিল।

ব্যক্তিগত জীবনের এই সুখবর এমন সময়ে দিলেন মাহিরা, যখন পেশাগত জীবনেও ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ অংশ নিয়েছেন অভিনেত্রী। উৎসবের কমিউনিটি ইমপ্যাক্ট কার্যক্রমের একটি আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালনের পাশাপাশি সিনেমায় অবদানের জন্য সম্মানিতও হয়েছেন তিনি।

পাকিস্তানের বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় মুখ মাহিরা খান। টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করলেও ‘হামসফর’ তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর ‘শেহর-ই-জাত’ ও ‘সাদকায়ে তুমহারে’সহ একাধিক আলোচিত নাটকে অভিনয় করেন তিনি।

শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডেও কাজ করেছেন মাহিরা। পাকিস্তানি চলচ্চিত্রে তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বিন রয়’, ‘সুপারস্টার’ ও ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’।

ক্যারিয়ারের ব্যস্ততার মধ্যেই এবার জীবনের আরেকটি নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন মাহিরা খান। দ্বিতীয় সন্তানের আগমনের খবর প্রকাশের পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন এই পাকিস্তানি তারকা।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version