ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ভক্তদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে সাদাকালো আবহে তোলা বেশ কিছু স্টাইলিশ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ায় জন্মগ্রহণ করেন অপু বিশ্বাস। জন্মদিনের প্রথম প্রহরে (শনিবার রাত ১২টার পর) ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে কেক কাটেন তিনি। মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জয় লিখেছে, ‘হ্যাপি বার্থডে, মাই প্রিন্সেস মমি।’ ছেলের এই আবেগঘন বার্তা ও উদযাপন সামাজিক মাধ্যমে বেশ প্রশংসা কুড়িয়েছে।
পরদিন রোববার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে হাতে কেক নিয়ে স্টাইলিশ পোশাকে তোলা বেশ কিছু ছবি পোস্ট করেন অপু বিশ্বাস। পোস্টের ক্যাপশনে লেখেন ‘বার্থডে গার্ল’।
তবে নতুন লুকে প্রশংসা পাওয়ার পাশাপাশি অপু বিশ্বাসের ক্যাপশন নিয়ে নেটিজেনদের মধ্যে কিছুটা বিতর্কও তৈরি হয়েছে। ছবির কমেন্ট সেকশনে ‘বার্থডে গার্ল’ শব্দবন্ধটি নিয়ে আপত্তি জানিয়ে অনেকেই মন্তব্য করেন যে তাঁকে ‘গার্ল’ না বলে ‘লেডি’ বলা বেশি উপযুক্ত। বিতর্ক ও নেতিবাচক মন্তব্য থাকলেও বেশিরভাগ অনুরাগীই অভিনেত্রীকে শুভকামনা জানিয়ে তাঁর ভিন্নধর্মী সাজ ও স্টাইলের প্রশংসা করেছেন।



