শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩, ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ আমদানির সুযোগ চেয়েছেন ভারতের মাছ আমদানিকারকেরা। ইলিশ রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পুনরায় রপ্তানির অনুমতি দিতে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছে কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংগঠনটি বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানায়।

চিঠিতে ভারতীয় আমদানিকারকেরা জানান, ১৯৯৬ সাল থেকে বেনাপোল ও আখাউড়া স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানি করে আসছিলেন তাঁরা। তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করার পর থেকে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে সংগঠনটি।

ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের দাবি, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছর সীমিত সময়ের জন্য বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির বিশেষ অনুমতি দিয়ে আসছে। তবে মাত্র এক মাসের এই সময়সীমা ব্যবসায়িকভাবে কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না বলে জানিয়েছে সংগঠনটি।

আমদানিকারকেরা চিঠিতে দুই বাংলার ভাষা, সংস্কৃতি ও রন্ধনশৈলীর অভিন্ন ঐতিহ্যের কথাও তুলে ধরেছেন। তাঁদের ভাষ্য, পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম ও ত্রিপুরায় বাংলাদেশের, বিশেষ করে পদ্মার ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে।

এ অবস্থায় শুধু দুর্গাপূজার সময় সাময়িক অনুমতি নয়, ইলিশ রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।

তাঁদের আশা, বাংলাদেশ সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে বিশেষ করে পশ্চিমবঙ্গের ইলিশপ্রেমীদের মধ্যে ইতিবাচক সাড়া পড়বে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version