সৌদি আরবের চারটি অঞ্চলে ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)।
সতর্কতার আওতায় থাকা অঞ্চলগুলো হলো—জাজান, আসির, আল-বাহা এবং মক্কা। এসব এলাকার বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর সঙ্গে শিলাবৃষ্টি এবং ধুলোঝড় সৃষ্টিকারী শক্তিশালী বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাহাড়ি ও নিচু অঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। এছাড়া জাজান, আসির, আল-বাহা ও মক্কার কিছু অংশ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে দেশের বিভিন্ন শহরের তাপমাত্রার তারতম্যের কথাও জানানো হয়েছে। এর মধ্যে দাম্মামে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এছাড়া মক্কায় ৩৯ ডিগ্রি, রিয়াদ ও বুরাইদাহতে ৩৮ ডিগ্রি, মদিনায় ৩৭ ডিগ্রি এবং জেদ্দা ও জাজানে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তুলনামূলকভাবে দক্ষিণ-পশ্চিমের পার্বত্য অঞ্চলে আবহাওয়া শীতল থাকবে, যেখানে আভা ও আল-বাহায় তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে।
পাশাপাশি আভা, আল-বাহা ও জাজানে আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


