রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া বিশেষ ‘পিংক বাস’ সেবার একটি দোতলা বাস শাহজাহানপুর এলাকায় ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে পড়ে। পরে পরিস্থিতি সামাল দিতে একজন পুরুষ চালক এগিয়ে এসে বাসটি নিরাপদে ফ্লাইওভারে তুলে দেন।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারীদের পরিচালনায় চালু করা হয়েছে ‘পিংক বাস’ সেবা। ব্যতিক্রমী এই উদ্যোগ চালুর পর থেকেই এটি নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
জানা গেছে, বুধবার ফ্লাইওভারে ওঠার সময় বাসটির চালক ফাহিমা সানজান কিছুটা সমস্যায় পড়েন। ফ্লাইওভারের ঢাল বেয়ে দোতলা বাসটি ওপরে তুলতে ব্যর্থ হলে তিনি বাসটি থামিয়ে দেন।
এ সময় বড় ধরনের কোনো দুর্ঘটনা বা দীর্ঘ যানজট এড়াতে একজন পুরুষ চালক সহযোগিতার জন্য এগিয়ে আসেন। পরে তিনি বাসটির নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে নিরাপদে ফ্লাইওভারে তুলে দেন।
ঘটনার সময় বাসে থাকা নারী যাত্রীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা তৈরি হলেও কোনো ধরনের দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিছু সময়ের জন্য ঘটনাটি ঘিরে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়।
এদিকে, নারীদের জন্য চালু করা এই বাসসেবায় শুরুতেই দেখা দিয়েছে যাত্রীসংকটের চিত্র। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চালু করা দোতলা গোলাপি রঙের বাসটি উদ্বোধনের পরদিন মতিঝিল থেকে মিরপুর-১০ রুটে চলাচলের সময় যাত্রী ছিল হাতে গোনা কয়েকজন।
মতিঝিল বাস পয়েন্ট থেকে মিরপুর-১০ অভিমুখী বাসটির ওপরের তলা পুরোপুরি ফাঁকা ছিল। নিচতলায় ছিলেন মাত্র দুজন নারী যাত্রী। মতিঝিল থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত বাসটিতে এই দুজনই ছিলেন। পরে সায়েন্স ল্যাব মোড়ে একজন শিক্ষার্থী বাসটিতে ওঠেন।
যাত্রী কম থাকায় বাসটি কিছু নির্ধারিত পয়েন্টেও থামেনি বলে জানা গেছে।
একই সময়ে আবদুল্লাহপুর থেকে মতিঝিলগামী আরেকটি নারী বাসেও যাত্রীসংখ্যা ছিল কম। শাহবাগ মোড়ে বাসটির দেখা মিললে ভেতরে চার থেকে ছয়জনের মতো যাত্রী ছিলেন।
নারীদের জন্য আলাদা ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার উদ্দেশ্যে চালু হওয়া ‘পিংক বাস’ সেবার কার্যক্রম নিয়ে এরই মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে। শুরুতেই যাত্রীসংকটের পাশাপাশি ফ্লাইওভারে বাস ওঠার ঘটনাও সেবাটির পরিচালনা ও বাস্তবায়ন নিয়ে নতুন করে কৌতূহল তৈরি করেছে।



