বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশের জাতীয় সংসদকে আরও কার্যকর করা, সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করা এবং গুরুত্বপূর্ণ জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে সংসদের ভূমিকা বাড়ানোর বিষয়ে মতবিনিময় হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত জানানো হয়।
সাক্ষাৎকালে আইপিইউ মহাসচিবের সঙ্গে সংস্থাটির প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া এবং সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ এ্যাংগোরো উপস্থিত ছিলেন।
বৈঠকে জাতীয় সংসদকে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও নীতিগত আলোচনা এবং সংলাপের প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পায়। সরকারি ও বিরোধী দলের মধ্যে কার্যকর আলোচনা ও সমতাভিত্তিক অংশগ্রহণ কীভাবে সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে পারে, তা নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে।
ডা. শফিকুর রহমান সংসদীয় গণতন্ত্রে একটি শক্তিশালী ও কার্যকর বিরোধী দলের গুরুত্ব তুলে ধরেন। তিনি সংসদের কার্যক্রমে সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমতাভিত্তিক অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
বৈঠকে গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত আলোচনা ও সংলাপ অব্যাহত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। সংসদের ভেতরে বিভিন্ন রাজনৈতিক মত ও অবস্থানের মধ্যে আলোচনার সুযোগ বাড়ানোর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও কার্যকর করার বিষয়টি উঠে আসে আলোচনায়।
বিশেষ করে সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বৃদ্ধির বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। আইন প্রণয়ন, সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং বিভিন্ন জাতীয় ইস্যু পর্যালোচনায় সংসদীয় কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়ায় এসব কমিটিকে আরও সক্রিয় ও কার্যকর করার প্রয়োজনীয়তার কথা উঠে আসে।
একই সঙ্গে তরুণ সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণ বাড়ানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। তরুণ আইনপ্রণেতাদের সক্ষমতা বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাঁদের আরও বেশি সম্পৃক্ত করার বিষয়টি আইপিইউর অন্যতম অগ্রাধিকার বলে বৈঠকে উল্লেখ করা হয়।
আইপিইউ মহাসচিব আন্দা ফিলিপ বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর সংস্থার সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। জাতীয় সংসদের কার্যকারিতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে উভয় পক্ষ ভবিষ্যতেও যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।
সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতার সঙ্গে জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।


