আইফোন ব্যবহারকারীদের জন্য চ্যাটের সাজসজ্জায় নতুন সুবিধা নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। নতুন চ্যাট থিম ফিচারের মাধ্যমে এখন ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী কথোপকথনের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। শুধু স্থির ছবি বা সাধারণ থিম নয়, নতুন সুবিধায় চ্যাটের ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেটেড ওয়ালপেপার ব্যবহারের সুযোগও থাকছে।
নতুন এই সুবিধার মূল লক্ষ্য হলো ব্যবহারকারীদের চ্যাটিং অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত ও আকর্ষণীয় করে তোলা। পছন্দের ডিজাইন সহজে খুঁজে পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নতুন থিম ও ওয়ালপেপারগুলোকে মোট পাঁচটি বিভাগে সাজিয়েছে। বিভাগগুলো হলো—ফিচারড, নেচার, লাইভ, মিনিমাল ও ডুডল।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, ‘ফিচারড’ বিভাগে হোয়াটসঅ্যাপের নিজস্ব ডিজাইন টিমের বাছাই করা বিভিন্ন থিম রাখা হয়েছে। ফলে ব্যবহারকারীরা আলাদাভাবে অনেক ওয়ালপেপার খোঁজার পরিবর্তে হোয়াটসঅ্যাপের নির্বাচিত ডিজাইনগুলো এক জায়গায় দেখতে পারবেন।
যাঁরা প্রকৃতিনির্ভর ব্যাকগ্রাউন্ড পছন্দ করেন, তাঁদের জন্য রাখা হয়েছে ‘নেচার’ বিভাগ। এই ক্যাটাগরিতে প্রকৃতির বিভিন্ন দৃশ্য ও নকশানির্ভর ওয়ালপেপার পাওয়া যাবে।
নতুন আপডেটের সবচেয়ে আকর্ষণীয় সংযোজনগুলোর একটি হচ্ছে ‘লাইভ’ বিভাগ। এখানে ব্যবহারকারীরা অ্যানিমেটেড ওয়ালপেপার বেছে নিতে পারবেন। অর্থাৎ চ্যাটের ব্যাকগ্রাউন্ড শুধু একটি স্থির ছবিতে সীমাবদ্ধ থাকবে না; নির্দিষ্ট ওয়ালপেপারে অ্যানিমেশনের উপস্থিতিও দেখা যাবে।
কোনো ওয়ালপেপার অ্যানিমেটেড কি না, সেটি বোঝার ব্যবস্থাও রেখেছে হোয়াটসঅ্যাপ। ওয়ালপেপারের থাম্বনেইলের ওপরের ডান পাশে ছোট একটি ‘লাইভ’ চিহ্ন থাকবে। সেই চিহ্ন দেখেই ব্যবহারকারী বুঝতে পারবেন নির্বাচিত ওয়ালপেপারটিতে অ্যানিমেশন রয়েছে।
শুধু লাইভ বিভাগের ওয়ালপেপারেই এই চিহ্ন সীমাবদ্ধ থাকছে না। ফিচারড বিভাগে থাকা কোনো থিমে অ্যানিমেশন যুক্ত থাকলেও সেটির থাম্বনেইলে একই ‘লাইভ’ চিহ্ন দেখা যাবে।
অন্যদিকে যাঁরা চ্যাটের ব্যাকগ্রাউন্ডে খুব বেশি নকশা বা রং পছন্দ করেন না, তাঁদের জন্য রয়েছে ‘মিনিমাল’ বিভাগ। এখানে তুলনামূলক সাদামাটা ও পরিচ্ছন্ন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে। লাইট মোডে সাদা এবং ডার্ক মোডে কালো ব্যাকগ্রাউন্ড রাখার সুবিধা থাকছে।
হোয়াটসঅ্যাপের দীর্ঘদিনের পরিচিত ডুডল নকশাও বাদ যাচ্ছে না। আলাদা ‘ডুডল’ বিভাগে অ্যাপটির নিজস্ব ও পরিচিত ডুডল ডিজাইনের বিভিন্ন ওয়ালপেপার রাখা হয়েছে। ফলে পুরোনো হোয়াটসঅ্যাপ ডিজাইন পছন্দ করা ব্যবহারকারীরাও নিজেদের পছন্দের ব্যাকগ্রাউন্ড বেছে নিতে পারবেন।
নতুন থিম গ্যালারির সম্ভাবনার কথা অবশ্য আগেই সামনে এসেছিল। গত আগস্টের মাঝামাঝি সময়ে হোয়াটসঅ্যাপের কোড বিশ্লেষণ করে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভম্যাক নতুন এই থিম গ্যালারি আসার ইঙ্গিত দিয়েছিল। এবার সেই সুবিধাই আইফোন ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে উন্মুক্ত করা হচ্ছে।
তবে আইফোনে হোয়াটসঅ্যাপ আপডেট করলেই সব ব্যবহারকারী সঙ্গে সঙ্গে নতুন চ্যাট থিম সুবিধা পাবেন—এমন নয়। ফিচারটি পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। ফলে একই সংস্করণের হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও একজন নতুন সুবিধাটি পেতে পারেন, অন্যজনকে আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।
নতুন চ্যাট থিম ও অ্যানিমেটেড ওয়ালপেপার সুবিধা পুরোপুরি চালু হলে আইফোন ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী হোয়াটসঅ্যাপের চ্যাট ইন্টারফেস আরও সহজে সাজাতে পারবেন। পাঁচটি আলাদা বিভাগ থাকায় পছন্দের ওয়ালপেপার খোঁজাও আগের তুলনায় সহজ হবে।

