ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষ হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও দ্রুত কমে আসবে বলে মনে করছেন তিনি।
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব মন্তব্য করেন।
ইরান যুদ্ধের সম্ভাব্য সমাপ্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাঁর ধারণা যুদ্ধটি খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের অভিযোগ, ইরান মধ্যবর্তী নির্বাচনকে জটিল করে তুলতে যতটা সম্ভব সময়ক্ষেপণের চেষ্টা করছে। তবে মার্কিন জনগণ বিষয়টি বুঝতে পারছে বলেও দাবি করেন তিনি।
চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তৈরি হওয়া অস্থিরতা নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে। ট্রাম্পের দাবি, যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তেলের দামও দ্রুত নিচে নেমে আসবে।
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যুদ্ধের কারণে জ্বালানির মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতির চাপ নির্বাচনে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। এর রাজনৈতিক প্রভাব ট্রাম্পের রিপাবলিকান পার্টির ওপরও পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন ট্রাম্প। গাজায় শান্তি ফেরাতে তাঁর প্রশাসনের নেওয়া পদক্ষেপকে সফল হিসেবে তুলে ধরেন তিনি।
ইসরায়েলের যুদ্ধকে যুক্তরাষ্ট্রের সমর্থন দেওয়ার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প নিজের প্রশাসনের ভূমিকার পক্ষে অবস্থান নেন। তাঁর দাবি, গাজায় এখন পরিস্থিতি আগের তুলনায় অনেক শান্ত এবং জিম্মিদের ফিরিয়ে আনা হয়েছে।
গাজায় যুক্তরাষ্ট্রের তৎপরতার প্রশংসা করে ট্রাম্প আরও দাবি করেন, সেখানে এখন ইতিবাচক সম্পর্ক তৈরি হচ্ছে এবং তাঁর প্রশাসন এ ক্ষেত্রে ভালো কাজ করেছে।



