একটি সম্পর্ক সুন্দর ও দীর্ঘস্থায়ী হওয়ার পেছনে শুধু ভালোবাসাই যথেষ্ট নয়। প্রয়োজন বিশ্বাস, সম্মান, মনোযোগ এবং একে অপরের অনুভূতির প্রতি যত্নশীল হওয়া। অনেক সময় বড় কোনো ঘটনা নয়, প্রতিদিনের ছোট ছোট অবহেলাই ধীরে ধীরে একটি সুন্দর সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দেয়।

সম্পর্ক বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সঙ্গী বিশ্বাস করে নিজের কোনো গোপন কথা বা দুর্বলতার কথা জানালে ঝগড়ার সময় সেটিকে কখনো অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। কারণ এতে শুধু কষ্টই তৈরি হয় না, ভেঙে যেতে পারে পারস্পরিক বিশ্বাসও।

একইভাবে রাগ বা অভিমান করে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেওয়া এবং পরে নিজের সুবিধামতো আবার ফিরে আসাও সুস্থ সম্পর্কের লক্ষণ নয়। কিছুটা সময় বা ব্যক্তিগত পরিসর প্রয়োজন হলে সেটি সঙ্গীকে স্পষ্টভাবে জানানো ভালো।

রাগ, হতাশা কিংবা কষ্ট প্রকাশের ক্ষেত্রেও সতর্ক হওয়া প্রয়োজন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অপর পক্ষকে অপমান বা অসম্মান না করে শান্তভাবে সমস্যাটি বোঝানোর চেষ্টা করা সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ।

সম্পর্ক টিকিয়ে রাখতে ছোট ছোট বিষয়ও বড় ভূমিকা রাখে। খোঁজ নেওয়া, সময় দেওয়া, কৃতজ্ঞতা প্রকাশ কিংবা সঙ্গীর পছন্দ-অপছন্দ মনে রাখার মতো ছোট আচরণ সম্পর্কের আন্তরিকতা ধরে রাখতে সাহায্য করে। দীর্ঘদিনের সম্পর্ক বলে একে অপরকে অবহেলা করা শুরু করলে ধীরে ধীরে সেই সম্পর্কের উষ্ণতা কমে যেতে পারে।

সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস হলো মন দিয়ে সঙ্গীর কথা শোনা। একজন কথা বলার সময় তাঁকে শেষ করতে দেওয়া এবং এরপর নিজের বক্তব্য তুলে ধরলে অনেক ভুল-বোঝাবুঝি ও অপ্রয়োজনীয় ঝগড়া এড়ানো সম্ভব।

তাই একটি সম্পর্ককে নিরাপদ ও দীর্ঘস্থায়ী করতে বড় আয়োজনের চেয়ে প্রতিদিনের ছোট ছোট আচরণ, পারস্পরিক সম্মান ও বিশ্বাসই হতে পারে সবচেয়ে বড় ভিত্তি।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version