নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে তাঁর যাত্রা করার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তাঁর এই সফর। মালয়েশিয়ায় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুত দেশে ফেরার কথা রয়েছে মির্জা আব্বাসের।
এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস। মির্জা আব্বাসের পরিবারের সদস্য ও দলীয় নেতা-কর্মীরা তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন সংসদ সদস্য মির্জা আব্বাস। সে সময় দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসা নিতে হয়েছিল তাঁকে।
এবার অবশ্য নতুন কোনো অসুস্থতার কথা জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, এটি তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ। পরীক্ষা-নিরীক্ষা শেষ করে দ্রুতই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।


