ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনের ফুটপাত থেকে ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয় এক ফল ব্যবসায়ীর দেওয়া তথ্যের ভিত্তিতে বস্তু দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পুরাতন ডিসি কোর্টের সামনে ফুটপাতে ককটেলসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার একটি দল ঘটনাস্থলে যায়। উপপরিদর্শক (এসআই) সুশান্ত কর্মকারের নেতৃত্বে পুলিশের দলটি সেখান থেকে বস্তু দুটি উদ্ধার করে।
স্থানীয় ফল ব্যবসায়ী নিশান হোসেন জানান, সকালে তিনি ফুটপাতে নিজের ফলের দোকান খুলছিলেন। এ সময় সেখানে একটি ব্যাগের মধ্যে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি সন্দেহজনক বস্তু দেখতে পান। দেখতে ককটেলের মতো হওয়ায় বিষয়টি তিনি পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি পর্যবেক্ষণ করে। পরে ককটেলসদৃশ বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
এসআই সুশান্ত কর্মকার জানিয়েছেন, উদ্ধার করা বস্তু দুটি বর্তমানে থানায় রাখা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, কে বা কারা এবং কী উদ্দেশ্যে বস্তু দুটি সেখানে রেখে গেছে, তা শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। নাশকতার উদ্দেশ্যে এগুলো রাখা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
তবে উদ্ধার করা বস্তু দুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না কিংবা কারা সেগুলো সেখানে রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।


