রাজধানীর গুলিস্তানে জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে শতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয়সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র মো. আকতার হোসেন
তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে গুলিস্তান এলাকা থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করছে পুলিশ
তবে ঘটনাস্থল থেকে আটক ব্যক্তির সংখ্যা নিয়ে প্রাথমিক তথ্যে কিছুটা ভিন্নতা রয়েছে। প্রত্যক্ষ তথ্য অনুযায়ী শতাধিক ব্যক্তিকে আটকের কথা বলা হলেও ডিএমপির মুখপাত্র অর্ধশতাধিক ব্যক্তিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে যাচাই-বাছাই শেষে আটকের প্রকৃত সংখ্যা ও তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যাবে
এর আগে গত ১৯ সেপ্টেম্বর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিল পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছিল। ওই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তখন জানিয়েছিল ডিএমপি।
শনিবারের ঘটনায় আটক ব্যক্তিদের মধ্যে কারা আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি পুলিশ। ডিএমপি জানিয়েছে, যাচাই-বাছাইয়ের পর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


