মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩, ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

সরকার সুযোগ দিলে সংসদ সদস্যদের স্ত্রীরাও সবার আগে বিধবা কার্ডের জন্য লাইন ধরবেন বলে তীব্র ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে তিনি দেশের বিভিন্ন নিয়োগপ্রক্রিয়া ও শিক্ষাঙ্গনের অরাজকতা নিয়ে কঠোর সমালোচনা করেন।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় ছাত্রশক্তির নারায়ণগঞ্জ জেলা শাখা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

দেশের বিভিন্ন স্তরে স্বজনপ্রীতির চিত্র তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, কিছুদিন আগে একটি নিয়োগ প্রক্রিয়ার মতো করে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে সংসদ সদস্যের ছেলেও ডিলারশিপ পেয়েছেন, মেয়ে ও শ্যালিকাও বাদ যাননি। বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, যদি বিধবা কার্ড দেওয়ার কোনো ব্যবস্থা থাকে, তবে সেখানেও এমপির স্ত্রী সবার আগে গিয়ে বলবেন, ‘আমাকে একটা দাও।’

চুয়েটের উপাচার্য নিয়োগ নিয়ে সৃষ্ট অচলাবস্থা প্রসঙ্গ টেনে এই সংসদ সদস্য আরও বলেন, যাকে শিক্ষক, শিক্ষার্থী বা সহকর্মীরা কেউই চান না, তিনি ছাত্রদলের কতিপয় কর্মীকে সঙ্গে নিয়ে তালা ভেঙে চেয়ার দখল করেছেন। ন্যূনতম লজ্জাবোধ বিসর্জন দিয়ে তিনি প্রায় এক মাস সার্কিট হাউসে বসে অনলাইনে কার্যক্রম পরিচালনা করেছেন। সমাজের এই মানসিক অধঃপতনের বিরুদ্ধে শিক্ষার্থীদের সবসময় সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেন মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version