বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ আরও বাড়াল ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি উয়েফা। ফিফার সিদ্ধান্ত গ্রহণ ও শাসনব্যবস্থায় নানাবিধ অনিয়মের অভিযোগ তুলে ৪২টি সুনির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে ইনফান্তিনোকে আগামী ২ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে উয়েফা।
গত ১৯ অক্টোবর উয়েফার জেনারেল সেক্রেটারি থিওডোর থিওডোরিডিস ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস গ্রাফস্ট্রোমের কাছে আট পৃষ্ঠার এই কড়া চিঠিটি পাঠান, যা আন্তর্জাতিক ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন নিশ্চিত করেছে। চিঠিতে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ প্রকল্পের মাধ্যমে বিশ্বকাপের স্বত্ব বেসরকারি খাতে বিক্রির ব্যর্থ পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড প্রত্যাহারের বিতর্কিত প্রক্রিয়া এবং ‘ফিফা শান্তি পুরস্কার’ চালু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তা দেওয়ার উদ্যোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাইয়ের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘থ্রাইভ ক্যাপিটাল’-এর কাছে বিশ্বকাপের একাংশ বিক্রির চেষ্টার বিষয়টি প্রকাশ্যে এলে ফিফার সব প্রতিযোগিতা বয়কটের হুমকি দিয়েছিল উয়েফা। যদিও পরবর্তীতে ইনফান্তিনো এই পরিকল্পনা থেকে সরে এসে ফিফা কাউন্সিলে ক্ষমা চান, তবে পুরো প্রক্রিয়াটি কীভাবে এবং কার নির্দেশে ফিফা কাউন্সিলকে এড়িয়ে করা হয়েছিল—সেটির কোনো স্পষ্ট ব্যাখ্যা তিনি দেননি।
আগামী ২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফা সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে ইনফান্তিনোর একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণ, অসচ্ছতা এবং ক্ষমতা প্রয়োগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উয়েফা। আগামী ২ নভেম্বরের মধ্যে ফিফাকে এসব প্রশ্নের লিখিত জবাব ও প্রয়োজনীয় নথি জমা দেওয়ার আনুষ্ঠানিক আহ্বান জানানো হয়েছে।


