রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজধানীর গুলশান, বনানী, উত্তরা, পূর্বাচল ও ঝিলমিলে রাজনৈতিক বিবেচনায় মোট ১ হাজার ৪১৩টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এর মধ্যে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৮৭৪টি এবং ঝিলমিল আবাসিক এলাকার ২০০টি প্লট বরাদ্দে অনিয়মের প্রতিবেদন পাওয়া গেছে, আর এসব প্লটের নথির কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয় এসব তথ্য জানায়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ পাওয়া প্লটের মধ্যে সর্বোচ্চ ৯৪৪টিই পূর্বাচল নতুন শহর প্রকল্পে।

মন্ত্রণালয় জানায়, এ সময়ে রাজউকের প্লট বরাদ্দে কোনো অনিয়ম বা বিধিবহির্ভূত কাজ হয়েছে কি না, তা জানতে হাইকোর্টের একটি রুল রয়েছে। সেই অনুযায়ী গঠিত কমিটি রাজউকের বিভিন্ন প্রকল্পের প্লটের নথিপত্র যাচাই করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাচ্ছে।

বৈঠকে আরও জানানো হয়, আগামী ১৬ ডিসেম্বর আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি চলছে। এ ছাড়া সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর একটি প্রকল্প অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে, যা থেকে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যাবে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version