ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানের একটি খালে এক মাসেরও বেশি সময় আটকে থেকে লাখো মানুষকে টানা হাঙর ‘বুকাং-ই’ টানা ১১ দিন ধরে কারও চোখে পড়ছে না। শুক্রবার (৬ নভেম্বর) ইয়োনহাপ নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, ২৭ অক্টোবরের পর থেকে এর কোনো সন্ধান মেলেনি; ধারণা করা হচ্ছে, অবশেষে সে খোলা সাগরে ফিরে গেছে।
১৮ সেপ্টেম্বর প্রথম খালটিতে হাঙরটিকে দেখা যায়। বুসানের ‘বুকহাং’ বা উত্তর বন্দর এলাকার নামে স্থানীয়রা আদর করে এর নাম দেন বুকাং-ই। এরপর খালসংলগ্ন পার্কটি হয়ে ওঠে বড় পর্যটনকেন্দ্র; ২৯ অক্টোবর পর্যন্ত প্রায় ১৭ লাখ মানুষ সেখানে ঘুরতে এসেছেন।
হাঙরটিকে সাগরে পাঠাতে স্থানীয় কর্তৃপক্ষ তিন দফা চেষ্টা চালায়, কিন্তু প্রতিবারই তা ব্যর্থ হয়। ২১ অক্টোবরের তৃতীয় চেষ্টার পর বুকাং-ই খালের বাইরে একটি জেটির কাছের পানিতে অবস্থান করছিল, যদিও জায়গাটিকে এখনো উন্মুক্ত সাগর বলা যায় না। খালে ফিরে আসা ঠেকাতে কর্তৃপক্ষ কয়েক স্তরের বেড়াজাল বসিয়েছে।
জাতীয় মৎস্য বিজ্ঞান ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট সংস্থার তথ্য অনুযায়ী, ২৭ অক্টোবর খালের মুখে সর্বশেষ একে দেখা গেছে। বিশেষজ্ঞদের ধারণা, পানির তাপমাত্রা কমে আসাও এর চলে যাওয়ার একটি কারণ হতে পারে। হাঙরের জন্য আদর্শ তাপমাত্রা ১৮ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস, আর উত্তর বন্দরের কাছে সমুদ্রের উপরিভাগের পানি এখন ১৮-১৯ ডিগ্রিতে নেমে এসেছে। কর্তৃপক্ষ আপাতত জাল রেখে দেবে এবং হাঙরটির বেরিয়ে যাওয়ার প্রায় এক মাস পর সেগুলো সরানো হবে কি না, তা ঠিক করবে।

