ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা ভোলার গ্যাস এবার পাইপলাইনে করে জেলার বাইরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৯ নভেম্বর) জ্বালানি বিভাগের সঙ্গে বৈঠকে ভোলা থেকে বরিশাল হয়ে খুলনা পর্যন্ত পাইপলাইন নির্মাণে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী, যা খুলনায় গিয়ে জাতীয় গ্যাস সঞ্চালন লাইনের সঙ্গে যুক্ত হবে।
জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, বৈঠকে ভোলার গ্যাসের মজুত, চাহিদা, উৎপাদন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। আইএসও ট্যাংকার বা সিলিন্ডারে ভরে গ্যাস আনার চেয়ে পাইপলাইনকেই বেশি কার্যকর বিবেচনা করা হয়েছে। এর আগে সিএনজি করে সিলিন্ডারে ভরে ঢাকায় গ্যাস আনা শুরু হলেও মাত্র একটি বেসরকারি কোম্পানি এ সুবিধা পাওয়ায় লক্ষ্য অনুযায়ী গ্যাস আনা যায়নি। পরে এলএনজি করে ট্যাংকারে আনার চিন্তাও বিশ্লেষণে ব্যয়বহুল ও অবাস্তব বলে উঠে আসে।
পেট্রোবাংলা ও গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি (জিটিসিএল) সূত্র বলছে, ভোলা-বরিশাল ৯৬ কিলোমিটার দীর্ঘ ২৪ ইঞ্চি পাইপলাইনের জন্য ১ হাজার ৯৩১ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ভবিষ্যতে পাশে আরেকটি লাইন বসানোর জন্য জমি অধিগ্রহণ করায় এ খরচ কিছুটা বাড়তে পারে। বরিশাল-খুলনা ১০৫ কিলোমিটার ৩০ ইঞ্চি পাইপলাইনের সম্ভাব্যতা যাচাই চলছে। সব মিলিয়ে ২০১ কিলোমিটার পাইপলাইনে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা খরচ হতে পারে।
পেট্রোবাংলার ধারণা, ভোলার তিনটি গ্যাসক্ষেত্র—শাহবাজপুর, ভোলা নর্থ ও ইলিশায় মিলিয়ে প্রায় ১ লাখ ৮৫ হাজার কোটি ঘনফুট গ্যাস মজুত থাকতে পারে। বর্তমানে ৯টি কূপের উৎপাদনক্ষমতা দিনে ১৮ কোটি ঘনফুট হলেও চাহিদা না থাকায় এর অর্ধেকেরও কম উৎপাদন হচ্ছে। নতুন ১০টি কূপ খনন করা হলে দৈনিক উৎপাদনক্ষমতা আরও ২০ কোটি ঘনফুট বাড়বে; এর মধ্যে ৫টির খননকাজ চলছে, বাকি ৫টির দরপত্র প্রক্রিয়াধীন।
