ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভনে টেকনাফে আটকে রেখে গভীর সমুদ্রের একটি ট্রলারে ৭২ জনকে জিম্মি করে মুক্তিপণ চেয়েছিল দালালচক্র। নির্যাতন সইতে না পেরে প্রতিরোধ গড়ে তুলে ট্রলারের নিয়ন্ত্রণ নেন ভুক্তভোগীরা, শুক্রবার (২০ নভেম্বর) রাতে কক্সবাজার সৈকতে ফিরে আসেন ২৮ জন।
ভুক্তভোগীদের বর্ণনায়, বিভিন্ন স্থান থেকে লোকজন সংগ্রহ করে প্রথমে টেকনাফে একটি ঘরে আটকে রাখা হয়। মোবাইল কেড়ে নেওয়া হয়, বাইরের কারও সঙ্গে যোগাযোগের সুযোগ ছিল না। লাঠি, দা ও অন্যান্য অস্ত্র হাতে পাহারা দিত দালালচক্রের সদস্যরা। আট-নয় দিন পর এক রাতে ছোট নৌকায় তুলে তাঁদের গভীর সমুদ্রে থাকা বড় একটি ট্রলারে নেওয়া হয়।
সেখানে অস্ত্রের মুখে প্রত্যেকের কাছে প্রায় ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে না পারলে নির্যাতন, এমনকি সাগরে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হতো। দিনে দুই বেলা দেওয়া হতো সামান্য খাবার। মুক্তিপণের বিষয়ে কথা বলতে গেলে একজন বয়স্ক যাত্রীকে মারধর করা হলে প্রতিবাদে সংঘর্ষ বাধে এবং একপর্যায়ে ট্রলারের নিয়ন্ত্রণ নেন ভুক্তভোগীরা।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টসংলগ্ন শৈবাল পয়েন্টে ট্রলারটি পৌঁছায়। স্থানীয় লোকজন, বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় দুজন নারী, দুজন শিশু ও ২৪ জন পুরুষসহ মোট ২৮ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের দাবি, তাঁদের সঙ্গে থাকা সাতজনকে সাগরে ফেলে দেওয়া হয়েছে।
