ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শনিবার (২১ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। একটি বিজ্ঞপ্তিতে সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখার ১২ নেতাকে সাময়িক বহিষ্কারের কথা বলা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে আছেন পাঁচ সহ-সভাপতি, দুই যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, সহ-আইন সম্পাদক, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক এবং আপ্যায়ন সম্পাদক।
অন্য বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এসব নেতাকে সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

