ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির একটি কার্যালয়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে ঘটা এই অগ্নিসংযোগে কার্যালয়টি পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান, বারবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত কার্যালয়ে রাতে আগুন জ্বলতে দেখেন এক নারী। তাঁর চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা দ্রুত বেড়ে যাওয়ায় কার্যালয়ে থাকা টেলিভিশন, ফ্যান, চেয়ার-টেবিলসহ সব আসবাবপত্র পুড়ে যায়।
ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে সন্ত্রাসীরা পেট্রোল দিয়ে কার্যালয়ে আগুন ধরিয়েছে। তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
স্থানীয় ছাত্রদল কর্মী শাকিল খানও জানিয়েছেন, রাত ২টার দিকে আগুন দেখে এলাকাবাসী নেভানোর চেষ্টা করলেও কার্যালয়ের ভেতরের জিনিসপত্র রক্ষা করা যায়নি। কারা এই ঘটনার পেছনে রয়েছে, তা এখনো জানা যায়নি।
