মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩, ১৩ জমাদিউস সানি ১৪৪৮

ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান

রমজান সামনে রেখে দেশের বাজারে ফের সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো; লিটারপ্রতি ১৪ টাকা বাড়ানোর দাবি নিয়ে সোমবার (২৩ নভেম্বর) তারা বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন, তবে সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি।

ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী, এক লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২১৮ টাকা, পাঁচ লিটারের বোতলের দাম ১ হাজার টাকা থেকে ১ হাজার ৭০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৮৫ টাকা থেকে ১৯৯ টাকা করতে হবে। দাম বাড়ানোর পক্ষে তারা আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি, ডলারের উচ্চমূল্য এবং আমদানি ও পরিবহণ ব্যয় বেড়ে যাওয়ার যুক্তি তুলে ধরেছেন। সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মক্তাদিরের সঙ্গে ব্যবসায়ীদের প্রতিনিধিরা আলোচনা করেন। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তেলের উৎপাদন খরচসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এই প্রস্তাব নতুন নয়। গত অক্টোবরেও ব্যবসায়ীরা একই হারে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সরকার তা নাকচ করে দেয়। সর্বশেষ ২ সেপ্টেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য বলছে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৭ লাখ ৫ হাজার টন, অর্থাৎ আমদানি বেড়েছে প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, সামনে রমজান এবং ইরান যুদ্ধের কারণে মানুষের জীবনযাত্রায় আগে থেকেই চাপ রয়েছে; এ অবস্থায় তেলের দাম বাড়লে ভোগান্তি ও মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version